দর্শনা মানুষের দীর্ঘদিনের দাবি:
➡️ খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের দর্শনা হল্ট স্টেশনে রাতে যাত্রাবিরতি নিশ্চিত করা।
➡️ দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে রাজশাহী ও ঢাকার উদ্দেশ্যে দুটি নতুন ট্রেন চালু করা।
➡️ দর্শনা হল্ট স্টেশনে ডবল লাইন, পরিকাঠামো উন্নয়ন ও যাত্রীসেবার মান উন্নয়ন।
মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল হক স্টেশনটি পরিদর্শন করেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ আসাদুল হক, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী ,সাদেকুর রহমান প্রধান যান্ত্রিক প্রকৌশলী ,সৈয়দ মোঃ শাহিদুজ্জামান প্রধান সংকেত এবং টেলিযোগাযোগ প্রকৌশলী (পশ্চিম) (চ.দা.), মোহাম্মদ আহসান উল্লাহ ভূঞা চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট,সুজিত কুমার বিশ্বাস, চীফ কমার্শিয়াল ম্যানেজার ,মোঃ আশাবুল ইসলাম, প্রধান সংস্থাপন কর্মকর্তা ,মোঃ রেজাউল করিম , প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পশ্চিম, রাজশাহী রেলওয়ে)। এছাড়াও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা মহাব্যবস্থাপক মামুনুল হকের কাছে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের দর্শনায় রাত্রিকালীন যাত্রাবিরতি নিশ্চিত করার অনুরোধ জানান। পাশাপাশি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে রাজশাহী ও ঢাকার উদ্দেশ্যে দুটি নতুন ট্রেন চালুর দাবি তোলা হয়। এ বিষয়ে মহাব্যবস্থাপক মামুনুল হক দৈনিক পদ্মা সংবাদকে জানান, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সম্মেলনে ইতোমধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ রেলসেবা উন্নয়ন এবং যাত্রীদের সুবিধার্থে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে নতুন করে ট্রেন চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দর্শনা নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে, যেহেতু দর্শনা একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডপোর্ট হিসেবে দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন,”রেলওয়ের আধুনিকায়ন ও যাত্রীসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের যাত্রীসেবা ও ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন ট্রেন চালুর দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে ।”
এই পরিদর্শনের ফলে খুব দ্রুত দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে দুটি নতুন ট্রেন চালু করা হবে । সেই সাথে অবকাঠামো উন্নয়ন ও যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।।