নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে যাওয়ার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে চার বছরের শিশু জিহান ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে।আজ শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফ আহমেদের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আজ বিকেলে রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে করে খালার বাড়ি নরসিংদী যাচ্ছিল। এসময় কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের ভেতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে উঠে। আগুনে গাড়ির ভেতরে থাকা জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ফিলিং ষ্টেশনে ভাঙচুর চালায়। প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং ষ্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।
ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।