জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হচ্ছে কমলমতি শিক্ষার্থীদের। তড়িঘড়ি করে ভদ্রা নদীর এ সাঁকো পারাপারে অনেক সময় দুর্ঘটনারও শিকার হচ্ছে। খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এমন দৃশ্য যেন প্রতিনিয়ত।
স্থানীয়রা জানান, ভদ্রা নদী পুনঃখননের ৫ বছর আগে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্প বাসিন্দাদের কথা বিবেচনা করে সরকার আশ্রয়ণ প্রকল্পে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ভান্ডারপাড়া ও শোভনা ইউনিয়নের সীমান্ত দিয়ে বয়ে গেছে ভদ্রা নদী। কালের বিবর্তনে নব্বইয়ের দশকে নদী পলি ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়। নদীর বুকে ভরাট সমতলে ফসলি আবাদ শুরু করে কৃষকরা। ২০১৪ সালে ভান্ডারপাড়া আবাসনে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ হয়। ২০১৬ সালে ভদ্রা নদী পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। ২১ কিলোমিটার নদীর খনন কাজ শেষ হয় ২০১৯ সালে। অপরিকল্পিতভাবে নদী খনন করায় দু’পারের মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। এ বিদ্যালয়ে নদীর ওপার চিংড়া গ্রাম থেকে অনেক শিক্ষার্থী পড়া লেখা করে। তারা সর্বদা ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে আসা-যাওয়া করছে।
ভান্ডারপাড়া গ্রামের লুৎফর রহমান জানান, অপরিকল্পিতভাবে নদী খননের কারণে দু’পারের মানুষ আজ চরম ভোগান্তিতে পড়েছে। পারাপারের ব্যবস্থা না করে নদী খনন করা হয়েছে। যার কারণে শিক্ষার্থী থেকে শুরু করে বিপাকে পড়েছেন কৃষক ও শ্রমজীবী মানুষেরা। আশপাশে কোনো সেতু না থাকায় বিশেষ করে পণ্য পারাপার নিয়েও ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে।
স্থানীয় আশিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ কমপক্ষে ৫/৭’শ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দু’পারে আসা-যাওয়া করে। সাঁকোটি জরাজীর্ণ থাকায় অনেক ক্ষেত্রে গর্ভবতী মায়েদের নিয়ে বিপাকে পড়তে হয়। তাছাড়া ভান্ডারপাড়া ও শোভনা এলাকা একটি কৃষি প্রধান এলাকা। এখানে সেতু নির্মাণের জরুরি দাবি এলাকাবাসীর।
৮ বছর আগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মরহুম খান আলী মুনসুরের সার্বিক প্রচেষ্টায় এবং গ্রামবাসীর অর্থায়নে ভদ্রা নদীতে ১২০ ফুট দৈর্ঘ্যরে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। বর্তমানে সাঁকোটি পারাপারে খুবই ঝুঁকিপূর্ণ। জোয়ারের সময় পানির চাপে প্রায়ই ভেঙ্গে যায় সাঁকোটি।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার জানান, সাঁকোটি পারাপারে বিশেষ করে কমলমতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জোয়ারের পানির চাপে ইতোপূর্বে কয়েকবার ভেঙে গেছে। পরবর্তীতে বিভিন্নজনের সহায়তায় সংস্কার করা হয়। সম্প্রতি সাঁকোটি খুবই জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, প্রায় জোয়ারের পানিতে বিদ্যালয়ের মাঠটিও প্লাবিত হয়। মাঠ ভরাটসহ মজবুত সাঁকো বা স্থায়ী সেতু নির্মাণের দাবি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের।