গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন (৪২)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থে‌কে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসকে ধাক্কা দেয়। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাম‌নের অংশ দুম‌ড়ে মুচ‌ড়ে গেলে ১২ জন আহত হন।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুব্রত সাহা বাসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।