জীবননগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-আমীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন। তিনি প্রকল্পের কর্মপরিধি এবং জীবননগর উপজেলার ফসলের বৈচিত্র্যময়তা তুলে ধরেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বর্তমানে সারা বছরই লাউ, টমেটো, বেগুনসহ বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে। শিক্ষিত তরুণরা এখন কৃষিতে আগ্রহ দেখাচ্ছে, যা একটি ইতিবাচক দিক। তারা নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী, যা কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনশীল করবে। তবে আমাদের বিষমুক্ত ফসল উৎপাদনের দিকে বিশেষ নজর দিতে হবে, যাতে সবাই সুস্থভাবে বাঁচতে পারে। প্রয়োজনে কৃষি অফিসের পরামর্শ নেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।”
মেলার উদ্বোধনী আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নতুন নির্মিত শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মেলার স্টলগুলোতে কৃষি সংশ্লিষ্ট প্রযুক্তি নির্ভর বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে কৃষক উদ্দ্যোক্তা হিসেবে মো: জহিরুল ইসলাম ও মো: রুহুল আমিন লিটন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মোরশেদ বিল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন।
এই মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও প্রদর্শনী উপস্থাপন করা হচ্ছে।