দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে মাদকের অবাধ বাণিজ্যে বিপর্যস্ত স্থানীয় বাসিন্দারা। শহরের অলিগলি, পাড়া-মহল্লা থেকে শুরু করে শপিংমল ও রাস্তাঘাটের টং দোকান—প্রতিটি জায়গায় মাদকের সহজলভ্যতা ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিন দিন বাড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়ছে না। মাঝে মাঝে কিছু অভিযান চালানো হলেও মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। ফলে মাদকাসক্ত তরুণদের সংখ্যা বেড়েই চলেছে, যা সমাজে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে তুলছে।
বিশেষ করে উঠতি বয়সী তরুণরা মাদকের কবলে পড়ে শিক্ষা ও সুস্থ জীবনযাপন থেকে সরে যাচ্ছে। শহরের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা।
স্থানীয়দের দাবি, মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি মাদক চক্রের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় দর্শনা শহর এক ভয়ংকর বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে, দর্শনা পৌর শহরসহ আশপাশের এলাকাগুলো এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রশাসনের চোখের সামনে, আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় গড়ে উঠেছে একের পর এক মাদকের হাট। ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এখানে প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে, আর এর ভয়াবহ প্রভাব পড়ছে তরুণ প্রজন্ম ও সমাজের ওপর।
মাদকের হটস্পট এলাকা : দর্শনার দক্ষিণ চাঁদপুর স্টেশন পাড়া, ঈশ্বরচন্দ্রপুর, আজমপুর, শান্তিপাড়া, জয়নগর, আনোয়ারপুর, মোহাম্মদপুর, শ্যামপুর, রামনগর, দর্শনা রেল বাজার স্টেশন সংলগ্ন—এসব এলাকা মাদক ব্যবসার ঘাঁটিতে পরিণত হয়েছে। দিনের পর দিন এইসব এলাকায় মাদকের অবাধ বাণিজ্য চলছে, অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে।এসব এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
মাদকের অবাধ বিস্তারের ফলে এলাকাজুড়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। উঠতি বয়সী তরুণরা নেশার জগতে হারিয়ে গিয়ে পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে মাঝে কিছু অভিযান দেখা গেলেও, মূল হোতারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
এলাকার সচেতন মহল মনে করছেন, শুধুমাত্র ছোটখাটো অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। মাদক নির্মূলে চাই কঠোর আইন প্রয়োগ, পাশাপাশি রাজনৈতিক নেতাদের স্বচ্ছতা ও প্রশাসনের কার্যকর ভূমিকা। অন্যথায়, দর্শনা ধীরে ধীরে এক ভয়ংকর অপরাধের শহরে পরিণত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।