ভয়াবহ তুষারধসের ফলে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় বরফের নিচে আটকা পড়েছেন অন্তত ২৫ শ্রমিক। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত বরফের নিচে আটকা পড়া অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরকিউ) এর ওই শ্রমিকরা সড়ক নির্মাণের কাজ করছিলেন। ওই শিবিরে মোট ৫৭ জন শ্রমিক ছিলেন, যার মধ্যে ২২ জন কোনও রকমে তুষারধস থেকে পালাতে সক্ষম হন। উদ্ধার কাজে ভারতীয় সেনাবাহিনী ও আইটিবিপির প্রায় ৬৫ জন কর্মী যুক্ত রয়েছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দলের উপস্থিতি দেখা গেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ চালাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। চামোলি জেলার জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, পাঁচটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে টানা তুষারপাত ও বৃষ্টির কারণে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি আবহাওয়া স্বাভাবিক হবে, তত দ্রুত উদ্ধার অভিযান চালানো হবে।’
মানা গ্রাম পঞ্চায়েতের সাবেক সদস্য বিবিসিকে জানিয়েছেন, তুষারধসের স্থানে স্থায়ীভাবে কেউ বসবাস করেন না। শুধু শীতকালে সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য শ্রমিকেরা সেখানে থাকেন। এর পাশাপাশি কিছুসংখ্যক সেনাসদস্যও সেখানে অবস্থান করেন। ওই এলাকায় দুই দিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে শোনা গেছে। তুষারধসের সময় শ্রমিকেরা তাঁদের শিবিরের মধ্যে ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনাটি নিয়ে দু:খ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে উদ্ধার ও ত্রাণ অভিযান চলছে।