দর্শনা পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পৌরসভার তিনটি স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং এক নারী ও দুই পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুই পুরুষ মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই পুরুষের মধ্যে দর্শনা পৌর এলাকার আনোয়ারপুরের রিপন হোসেন (৩০) এবং শান্তিপাড়ার মালেক (৪৫) অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে আটক হন। মোবাইল কোর্টের মাধ্যমে রিপন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মালেককে ৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামীদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মোবাইল কোর্টের রায় দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিচারক কেএইচ তাসফিকুর রহমান।
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দর্শনা পৌরসভার ইশ্বরচন্দ্রপুর গ্রামের বাগানপাড়া এলাকা থেকে শিল্পী বেগম (৪০) নামের এক নারীকে তার বসত বাড়ি থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিল্পী বেগম ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহপাড়ার জামির হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ অভিযানে দর্শনা থানার এসআই অনুজ কুমার সরকার ও অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। মাদকবিরোধী এই অভিযান এলাকায় মাদক ব্যবসা ও সেবন রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।