কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গত বছর ১৪ জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে বেরিয়ে যে বিক্ষোভ দেখিয়েছেন, তা ‘আওয়ামী লীগের রাজাকার ন্যারেটিভ’ ভেঙে দিয়েছে এবং সেই রাতেই ‘বাংলাদেশের সব কিছু বদলে গেছে’ বলে মন্তব্য করেছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

সামান্তা শারমীন বলেন, ‘১৪ জুলাই পুরা বাংলাদেশের সব কিছু বদলে গেছে, শুধু ১৪ জুলাই রাতের জন্য—এটা আমাদের বলতেই হবে। ১৪ জুলাই প্রতিটি হলের মেয়েরা আওয়ামী লীগের একমাত্র ন্যারেটিভ রাজাকার.. একমাত্র ন্যারেটিভকে ভেঙে দিয়েছেন মেয়েরা।

আমাদের আপ্রাইজিংয়ের বাঁকে বাঁকে অনেক ধরনের টার্নিং মোমেন্ট ছিল, যেখানে আসলে আমরা হয়তো হতাশ হয়ে যাচ্ছিলাম, আবার আমরা আপলিফট হয়েছি। কিন্তু আপ্রাইজিংয়ের পুরো ন্যারেটিভটা বদলে দিয়েছেন…এটার পুরোটার দিকনির্দেশনা দিয়েছেন মেয়েরা—এটা আমাদের বলতে পারতেই হবে এবং সেটা ঘটেছে ১৪ জুলাই।’

এনসিপি নেতা সামান্তা বলেন, ‘আমি একেবারেই চাই না যে ফর সেক অব উইমেন পার্টিসিপেশন, কেউ হচ্ছে যোগ্যতা না থাকলেও কোথাও যাক— এটা আমি চাই না। এটা ক্লাউড অ্যান্ড ক্লিয়ার—এটা আমি চাই না।

তার মানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে মেয়েদের যোগ্য করে তোলা… যত রকমের প্রসেস নেওয়া যায় এবং একদম ব্যক্তিগত পার্টিসিপেশন থেকে ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে যতভাবে মেয়েদের এখানে পলিটিক্যালি গ্রুমিং করা যায়, পলিটিক্যালি এস্টাবলিশ করা যায় তাদের।’

নারীদের নিরাপত্তার ব্যবস্থার করার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে সামান্তা বলেন, ‘এটা আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। এটা স্টেটের কাজ, এটা আমাদের করার কথা না। কিন্তু তার পরও যখন করতে হচ্ছে আমরা করব।

কারণ এটা যদি না করি তাহলে আবার দেখা যাবে আমরা পুরনো গ্যাড়াকলে পড়ে যাচ্ছি। তো এই গ্যাড়াকলে আমরা আর পড়তে চাই না। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই যোগ্যতার ভিত্তিতে নারী নেতৃত্ব নির্বাচিত হবে। যোগ্য নয়, কিন্তু তার পরও বসিয়ে দিলে এটা আমাদের জন্য খুবই খুবই…এটা লং টার্মে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে, যোগ্য করে তুলতে হবে। যোগ্যতার ভিত্তিতে বসাতে হবে।

সামান্তা আরো বলেন, ‘বাংলাদেশের আনাচকানাচে নারীদের কথা বলার জন্য এবং তাদের অভিজ্ঞতা শোনার জন্য নানা ধরনের আয়োজন দেখতে পাচ্ছি। এসব আয়োজন আমাদের নানা মাত্রায় নিতে হবে। আলোচনা-সমালোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, এর সঙ্গে রাজনীতিও গুরুত্বপূর্ণ।’