চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে একটি মেছো বিড়ালকে নির্মমভাবে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত আরও দুইজন এখনো পলাতক রয়েছেন।

ঘটনাটি গত শুক্রবার (২১ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫টার সময় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আলমগীর হোসেন (৩০), মিন্টু ও মোঃ সাইফুল ইসলাম নামের তিন যুবক একটি মেছো বিড়ালকে ট্যাটা (ফালা) দিয়ে আঘাত করে হত্যা করে। এ সময় তারা তাদের মোবাইল ফোনে পুরো ঘটনা ভিডিও করে। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ঘটনায় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহ্ মোঃ ফরহাদ হোসেন উপজেলা প্রশাসন ও বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা বন কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মেছো বিড়ালটিকে দাফন করা হয়।

এদিকে, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তবে বাকি দুই আসামি মিন্টু ও সাইফুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, “বন্যপ্রাণী হত্যা একটি গুরুতর অপরাধ। এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী, কোনো বন্যপ্রাণী হত্যা বা ক্ষতি করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।