চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। কোনো আসামিকে আটক করা না গেলেও মাদক পাচার রোধে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভোররাত আনুমানিক ১:৩০ মিনিটে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির একটি টিম গয়েশপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। গয়েশপুর বিওপির দায়িত্বে থাকা হাবিলদার ভবতোষ বিশ্বাসের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৭-এর কাছে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তজুড়ে মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চলছে। এবারের অভিযানে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লুকিয়ে রাখা ফেনসিডিলের চালান ধরা পড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।