জমি বিরোধকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার জীবননগরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক পক্ষের গ্রেফতারের প্রতিবাদে শতাধিক নারী-পুরুষ ও বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করলে পুলিশ বেকায়দায় পড়ে। পরে প্রতিপক্ষের দুইজনকে গ্রেফতার করতেই শান্ত হয় এলাকা।

শনিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে জীবননগর থানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহের প্রাচীর নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আগেই থানায় মামলা দায়ের হয়। এক পক্ষের মামলায় স্বপন হোসেন ও নাসির নামে দুইজনকে গ্রেফতার করলে তাদের পরিবার ও সমর্থকরা থানা ঘেরাও করে। তাদের দাবি, “নিরাপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে!”

পুলিশের বক্তব্য, আদালতের নির্দেশেই গ্রেফতার করা হয়েছে। তবে চাপের মুখে পরে ঈদগাহ কমিটির মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামে আরও দুইজনকে আটক করা হয়। এতেই শান্ত হয় উত্তপ্ত জনতা।

ঈদগাহ কমিটির বাদী জাফিরুল ইসলাম বলেন, “শাহজান আলীর গ্রুপ আমাদের নির্মাণ কাজে বাধা দিয়েছে, মারধর করেছে। এখন মিথ্যা মামলায় হয়রানি করছে!”

জীবননগর থানার তদন্ত অফিসার শহিদুর রহমান নিশ্চিত করেন, “উভয় পক্ষের মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গ্রেফতারকৃত চারজনকে রোববার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হবে। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।