২০২৪-২০২৫ অর্থবছরে জেলা পরিষদ, চুয়াডাঙ্গার আয়োজনে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে মোট ২৩২ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক/সমমান স্তরে ১২১ জন, বিশ্ববিদ্যালয় স্তরে ৮৪ জন,মেডিকেল/ডেন্টাল ক্যাটাগরিতে ১৫ জন এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্তরে ১২ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায় ও সাফল্যকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও জ্ঞানচর্চা ও সমাজসেবায় অবদান রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটে পিছিয়ে না থাকে।”
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ উদ্যোগের জন্য জেলা প্রশাসন ও জেলা পরিষদকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।