মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতে থাকা হবিগঞ্জের এক ব্যক্তির নামে ভুয়া জন্মনিবন্ধন করিয়ে দেন ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ। ওই ভুয়া জন্মনিবন্ধন ও ওয়ারিশান সনদ ব্যবহার করে অবৈধভাবে কোটি টাকার একটি জমি বিক্রি করা হয়। ঘটনা জানাজানি এবং অভিয়োগ প্রমাণ হওয়ার পরও অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে গড়িমসি করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

অভিযোগ সূত্রে জানা যায়, কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ অবৈধ পন্থায় ভুয়া জন্মনিবন্ধন, জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ এবং কাগজে কলমে পাওয়া প্রকল্পের মাধ্যমে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেও অদৃশ্য কারণে নেওয়া হচ্ছে না প্রশাসনিক কেনো ব্যবস্থা।

প্রশাসন সূত্রে জানা যায়, বুলবুল চৌধুরী নামের এক ব্যক্তির জন্মনিবন্ধন ব্যবহার করে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় কোটি টাকার একটি জমি বিক্রি করা হয়। ৫২ শতকের ওই জমির বিষয়ে ওয়ারিশদের আপত্তির পর খোঁজ নিয়ে জানা যায়, জন্মসনদটি ভুয়া এবং এটি ইস্যু করা হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ থেকে। তথ্য বিশ্লেষণে জানা যায়, গত বছরের ২৪ এপ্রিল বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দক্ষিণ ডুবাঐ গ্রামের বানোয়ারী লাল চৌধুরী ও শীলা রানী চৌধুরীর সন্তান পরিচয়ে বুলবুল চৌধুরীর নামে ত্রিশালের কানিহারী ইউপি থেকে একটি অনলাইন জন্মনিবন্ধন নিবন্ধিত হয়। এরপর ওই জন্মনিবন্ধন ও পুটিজুরী ইউপি থেকে দেওয়া ওয়ারিশান সনদপত্রের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর ৫২ শতক জমি বাহুবল সাবরেজিস্ট্রি অফিসে দলিলের মাধ্যমে বিক্রি হয়; যার দলির নং-২৯৪৫/২৪।

বুলবুল চৌধুরীর চাচাতো ভাই হিরক চৌধুরী জানান, বুলবুল চৌধুরী দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন। তিনি ভারতে যাওয়ার পর আর দেশে আসেননি। এখন ভুয়া জন্মনিবন্ধন ও ওয়ারিশান সনদের মাধ্যমে একজনকে বুলবুল চৌধুরী সাজিয়ে জমি রেজিস্ট্রি করা হয়েছে। রেজিস্ট্রি দলিলে যে ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে তিনি বুলবুল চৌধুরীর নয়। আর যে জমি বিক্রি করা হয়েছে, তা আমাদের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি। আমাদের এই সম্পদ গ্রাস করার জন্য এই মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভুয়া জন্মনিবন্ধন ইস্যুর দায়ে কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও আইডি কেড়ে নেওয়ার নির্দেশ দিলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশকে অমান্য করে বহাল তবিয়তে রয়েছেন তিনি।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ পরিবহন পুলের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে একমাস পূর্বে ত্রিশালের ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারির কাছে আব্দুল লতিফের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের আইডি, পাসওয়ার্ড কেড়ে নেওয়া এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশসংবলিত একটি চিঠি প্রেরণ করা হয়।

কানিহারীর বাসিন্দা আনোয়ার হোসেন ইকবাল জানান, আব্দুল লতিফের বিরুদ্ধে জন্ম নিবন্ধন কেলেংকারির বিষয়টি প্রমান হলেও অদৃশ্য শক্তির কারণে কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। তাতে জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

কানিহারী ইউপি প্রশাসক মুশফিকুর রহমান জানান, সচিবের (লতিফ) বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও আইডি স্থানান্তরে বিষয়ে তিনি অবগত নন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইডি প্রশাসকই চালাচ্ছেন, তিনি (মুশফিকুর) অ্যাপ্রুভাল দেন। আগের মতোই চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, সচিবের বিরুদ্ধে চিঠি পাঠানো হয়েছে। আগের উপপরিচালক বদলি হয়ে গেছেন। নতুন যিনি এসেছেন তার সঙ্গে কথা বলে জানতে হবে। তিনি বলেন, আব্দুল লতিফের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার জন্যই চিঠি দেওয়া হয়েছে। প্রশাসনিক ব্যবস্থাটা হচ্ছে তার আইডিটা চেইঞ্জ করে আরেকজনকে দেওয়া। অর্থাৎ হিসাব সহকারীকে দেওয়া। ওখানে হিসাব সহকারী নাই। হিসাব সহকারী একজন পোস্টিং দেওয়ার জন্যই চিঠি দেওয়া হয়েছে।

আদেশের চিঠিতে জন্মনিবন্ধনের আইডি চেইঞ্জ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি আলাদাভাবে উল্লেখ আছে জানালে ইউএনও বলেন, প্রশাসনিক ব্যবস্থা তো আমি নিতে পারব না, ওইটা নিতে হবে ডিসি অফিস থেকে। কারণ, তাকে নিয়োগকারী প্রতিষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়। তার বিষয়ে দুটি ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। হয় তাকে এখান থেকে ক্লোজ করতে হবে বা তাকে শোকজ করতে হবে বা বরখাস্ত করতে হবে কিছু একটা করতে হবে। পাশাপাশি তার আইডি এখান থেকে ট্রান্সফার করতে হবে।

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহার বলেন, এখানে আমি নতুন দায়িত্ব পেয়েছি। এ বিষয়ে অবগত না। সংশ্লিষ্ট উপজেলা থেকে এ বিষয়ে চিঠি এসেছে কি না খোঁজ নেব।

স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ বলেন, আমরা যে চিঠি দিয়েছিলাম তার অ্যাকশন এখন পর্যন্ত পাইনি। এ বিষয়ে আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ নিতে পারেন।