চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াবকরি বিশ্বাসপাড়ায় নিজ কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন কালিয়াবকরি বিশ্বাসপাড়া গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন কাঠের কারখানায় ইলেকট্রিক মেশিন দিয়ে কাঠ পলিশ করছিলেন। এ সময় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রুকসানা খাতুন বলেন, “হাসপাতালে আনার পরই আমরা তাকে পরীক্ষা করি, কিন্তু তিনি আগেই মারা যান।”
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “ঘটনার কথা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”