প্রেমিকার বিয়ের রাতে মেয়ে পক্ষের হাতে মারুফ হোসেন (১৮) নামে এক প্রেমিক আহত হয়েছেন। তিনি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামের ফরিদপুর ক্যান্টনমেন্ট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, আহত মারুক হোসেনের সাথে একই ইউনিয়নের এক স্কুল ছাত্রীর প্রেমজ সম্পর্ক চলে আসছিল। গ্রামে প্রচার আছে সম্প্রতি ওই মেয়ের সাথে পালিয়ে বিয়েও করে মারুফ। বুধবার রাতে মেয়ের পরিবার গোপনে অন্য স্থানে তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ওই সময় বাড়িতে পুলিশ এসে বিয়ে ভেঙে দিয়ে যায়।
মেয়ে পক্ষ সন্দেহ করে মারুফ ফোন করে মেয়ের বাড়িতে পুলিশ নিয়ে গেছে। মেয়ে পক্ষের একদল অজ্ঞাত দুর্বৃত্ত মারুফকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে এলোপাতাড়ি মারপিট করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালো ভর্তি করে।
আহত মারুফের অভিযোগ ওই মেয়ের পিতা তার ওপর হামলার সাথে জড়িত।