“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টায় দর্শনা রেলবাজারস্থ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেরু আনন্দ বাজারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তিনি বলেন,
“দর্শনা কেরু মিলের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে শ্রমিক নির্বাচন প্রয়োজন। আমি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তরফদার শাবু বলেন,
“শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। নিরাপদ কর্মপরিবেশ ও সঠিক মজুরি নিশ্চিত করতে শ্রমিক সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, মোঃ সরওয়ার হোসেন, মমিনুল ইসলাম; দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির; রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলার সাইফুল ইসলাম মুকুল সহ প্রমুখ ।

আয়োজনটি সফল করতে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও এর সহযোগী শ্রমিক সংগঠনসমূহ। সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে মার্কেট’ আন্দোলনে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে জীবন উৎসর্গ করেন শ্রমিকরা। তাঁদের আত্মত্যাগের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় মে দিবস। বাংলাদেশেও দিনটি উদযাপিত হয় গভীর শ্রদ্ধা, চেতনা ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে।

এছাড়াও, “বিশ্বব্যাপী ঐতিহাসিক এই দিনের পাশাপাশি, বাংলাদেশেও এবার পালিত হচ্ছে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস’। এটি কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ”।।