ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশপথ যানজটমুক্ত ও ঝিনাইদ-যশোর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টার পর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার। অভিযানকালে রাস্তার ওপর অবৈধভাবে যত্রতত্র পার্কিং করে রাখা বাস, ট্রাক, পিকআপ, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান সরিয়ে দেওয়া হয়। সে সময় ভবিষ্যতে রাস্তার ওপর গাড়ি রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে পুলিশ।
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের লক্ষ্যে নির্মাণ কাজ চলমান রয়েছে। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় উড়ন্ত সেতু নির্মাণ কাজ চলছে। ব্যস্ততম এই বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কসমুহ নিরাপদে ব্যবহার করার জন্য পৌর কর্তৃপক্ষকে সচেতনতামূলক কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা না গেলেও কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ওসির এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক শিপলু জামান, কালীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।