চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ধারাবাহিক ও সাহসী মাদকবিরোধী অভিযানে আবারও ধরা পড়েছে মাদক কারবারিরা। গত শুক্রবার (২ মে) গভীর রাতে পরিচালিত পৃথক তিনটি অভিযানে ৩২৫ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা, একটি ডিজিটাল ওজন মেশিন ও একটি মোটরসাইকেলসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে দর্শনা থানা পুলিশ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করেন।

প্রথম অভিযানটি চালানো হয় রাত ১১টা ৩০ মিনিটে, দর্শনা পৌরসভার আজমপুর মহল্লায়। সেখানে নিজ বাড়ির সামনে থেকে মোছা. রিনা বেগম (৩৮) কে ৩ কেজি গাঁজা এবং একটি উচ্চক্ষমতাসম্পন্ন ডিজিটাল ওজন মেশিনসহ আটক করা হয়। তিনি আজমপুর গ্রামের মো. আলম হোসেনের স্ত্রী। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা এবং ওজন মেশিনটির মূল্য আনুমানিক ৩ হাজার টাকা।

পরের অভিযানটি হয় রাত ১১টা ৫৫ মিনিটে দর্শনা কেরুজ মিলপাড়া এলাকায়। সেখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম চঞ্চল (৩৮) কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আতর আলীর ছেলে।

শেষতৃতীয় অভিযানটি পরিচালিত হয় ৩ মে রাত ১টা ৫০ মিনিটে, দর্শনা প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে মো. ইস্রাফিল হোসেন (৪৫) কে ৩০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তিনি দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন পাড়ার মো. লিয়াকত আলী মন্ডলের ছেলে। ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।