চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় বিদ্যুতায়িত হয়ে মিতা খাতুন (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত মিতা মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং স্থানীয় মধু শেখের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে প্রবেশের সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে মিতা। এতে সে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।।