দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ বোতল বিদেশি মদ ও ৬৭ লিটার চোলাই মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী আকাশ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ মুখার্জীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দর্শনা আনোয়ারপুর গ্রামস্থ কেরু কোম্পানির স্টাফ মেসের পিছনে পরিত্যক্ত বাথরুমে লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৮ বোতল বিদেশি মদ এবং ৬৭ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. আকাশ দর্শনার কেরু দারোয়ান লাইন এলাকার আব্দুল মোতালেবের ছেলে। উদ্ধারকৃত বিদেশি মদের বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা এবং বাংলা মদের মূল্য আনুমানিক তেত্রিশ হাজার পাঁচশত টাকা বলে জানিয়েছে দর্শনা থানা পুলিশ। এসব মদ জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী মো. আকাশের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।।