যশোরের শার্শা উপজেলার নাভারণে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের ট্রাক চালক মাহমুদ হাসান (৪৫) ও হেলপার কাওসার আলী (৪২)।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে চারটার সময় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন নাভারণ রেল ক্রসিংয়ে এলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা মারলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে ব্যাপক ক্ষতি হয়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার সময় ওই স্থানের গেটম্যান উপস্থিত ছিলেন না।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান ট্রেন-ট্রাক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি সচলের চেষ্টা চলছে।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।