ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্কের সমাবেশে বক্তৃতা, বিটিআরসি ও টেলিকম প্রতিষ্ঠান নিষিদ্ধের দাবিও জানালেন কবি ও কলামিস্ট
কবি ও কলামিস্ট ফরহাদ মজহার বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা ফেরত দিতে টালবাহানা করছে। এলিট কমিশন গঠন করে জনগণের মন ভোলানোর চেষ্টা চলছে, অথচ জনগণ এসব বুঝে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি আয়োজন করে ‘ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্ক’। উদ্দেশ্য ছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে আওয়ামী স্বৈরাচারমুক্ত করার দাবি জানানো।
ফরহাদ মজহার বলেন, “অন্তর্বর্তী সরকার একটি গণঅভ্যুত্থানের ফল। তাদের প্রথম কাজ হওয়া উচিত জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া শুরু করেনি। বরং তারা এলিট কমিশন গঠন করে পরিস্থিতি ঘোলাটে করছে। জনগণ এতটা বোকা নয়। গণঅভ্যুত্থান মানে নিপীড়নমূলক আইন ও প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত বা পরিবর্তন করা।”
তিনি আরও বলেন, “বিভিন্ন আন্দোলন যখন গড়ে উঠছে, তখন ছাত্র ও তরুণদের বিরুদ্ধে বিভক্তি তৈরি ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে ছাত্রদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এসব জনগণ স্পষ্টভাবে বুঝতে পারছে।”
‘জুলাই ঘোষণা এখন সময়ের দাবি’
ফরহাদ মজহার বলেন, “আমাদের প্রধান কাজ হলো জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আন্দোলন জারি রাখা। এজন্য সবাইকে অবিলম্বে ‘জুলাই ঘোষণা’ নিয়ে জোর দিতে হবে। মনে রাখবেন, ফ্যাসিস্ট শক্তি যেসব ‘প্রাসাদ’ তৈরি করেছে, তা গুড়িয়ে না দিলে জনগণের ভবিষ্যৎ অন্ধকার।”
‘টেলিকম খাত এখনও ফ্যাসিস্টদের দখলে’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “অন্তর্বর্তী সরকারের শিথিলতা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিপজ্জনক অবস্থানে ঠেলে দিচ্ছে। আমরা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে সরালেও তাদের তৈরি সংবিধান ও টেলিযোগাযোগ খাত এখনও মুক্ত হয়নি।”
তার অভিযোগ, “ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালিয়ে শেখ হাসিনার সরকারকে যারা টিকিয়ে রেখেছিল, তারা এখনও বহাল তবিয়তে আছে। অন্তর্বর্তী সরকার যদি তাদের লাইসেন্স বাতিল না করে, আমরা বিটিআরসির সামনে অবস্থান কর্মসূচিতে যাব।”
সমর্থন ও হুঁশিয়ারি একসঙ্গে
তিনি জানান, সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে — এটা একটি ইতিবাচক পদক্ষেপ। এখন সময় এসেছে ফ্যাসিস্টদের সহযোগী টেলিকম কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থাকে নিষিদ্ধ করার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক জাহিদ জগৎ, কবি মোহাম্মদ রোমেল এবং জাতীয় নাগরিক পার্টির নেতা নাফিউল ইসলাম প্রমুখ।।