চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার একটি হত্যা মামলার পলাতক আসামি শেখ তাইসুখ ইসলাম (২৮)–কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ তাইসুখ কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর সোনালী জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা এবং শেখ জহিরুল ইসলামের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক জানান, “আজ সকাল সাড়ে ৮টার দিকে শেখ তাইসুখ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। তখন তার তথ্য যাচাইয়ের সময় দেখা যায়, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।”
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৬৯, তারিখ ২৭ মে ২০২৫। মামলাটি ওই দিনই আদালতে গৃহীত হয় (জি.আর. নং: ৩৯৫/২০২৫)। মামলায় তাকে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/১১৪/১৪৭/১৪৯/৩২৩/৩০২/১০৯/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে।
এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ তাইসুখ ইসলামের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।।