মোঃ রয়েল হোসেন।।
চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিনটি মামলার আসামি মহিরুল ইসলামের (৪০)। তিনি দর্শনা থানার কুড়ালগাছি পশ্চিমপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
জানা গেছে, গত রোববার (১ জুন) দামুড়হুদা থানার ২০২৩ সালের একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মহিরুলকে সকাল ১১টার দিকে দর্শনা থানা পুলিশ আটক করে। সেদিনই দুপুরে আদালতের মাধ্যমে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
কারা সূত্রে জানা যায়, রাত ১টা ৫৫ মিনিটে হঠাৎ করেই কারাগারে অসুস্থ হয়ে পড়েন মহিরুল। সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে তার মৃত্যু ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রকিন সাদী জানান, “রাতেই মহিরুলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়, তবে ভোরে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।”
এদিকে, মৃত্যুর খবর পেয়ে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এ. এস. এম. আব্দুর রউফ শিবলুর উপস্থিতিতে সদর থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের স্ত্রী নাসিমা অভিযোগ করেন, “আমার স্বামীর নামে গাঁজাসহ কয়েকটি মামলা ছিল। পারিবারিক অশান্তির কারণে আমি বাপের বাড়ি চলে যাই। শুনেছি, গ্রেপ্তারের পর পুলিশ তাকে মারধর করেছে।”
তবে এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর স্পষ্ট করে বলেন, “মহিরুলকে সকালে গ্রেপ্তার করার পরই দ্রুত আদালতে পাঠানো হয়। সাড়ে ১১টার মধ্যেই কোর্টে তাকে চালান দেওয়া হয়। তার উপর নির্যাতনের অভিযোগ সত্য নয়।”
মহিরুল ইসলামের মৃত্যু নিয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে প্রশাসন।