বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেশিরভাগ রাজনৈতিক দল যেখানে ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে, সেখানে একটি বিশেষ মহলের প্রভাবে নির্বাচন এপ্রিলে নেওয়া হয়েছে। এতে করে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামে নিজের বাসভবনে ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
তিনি বলেন, “ইতোমধ্যে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। ফ্যাসিবাদবিরোধী বিচার কার্যক্রম শুরু হয়েছে। তাই ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কিন্তু তা সত্ত্বেও কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন আজ জনমনে ঘুরপাক খাচ্ছে।”
আমীর খসরু আরও দাবি করেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে অবজ্ঞা করে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর সংকট সৃষ্টি হচ্ছে। এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে।
তিনি সতর্ক করে বলেন, “যদি কোনো মহলের প্রভাবেই নির্বাচন আয়োজনের সময়সূচি নির্ধারিত হয়, তবে সেটি কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”