পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এই সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঈদের পর দেশে বিভিন্ন স্থান থেকে মানুষ ট্রেনে করে কর্মস্থলে ফিরবে। এ সময় ট্রেন স্টেশন ও রেলগাড়িতে প্রচুর ভিড় হয়। ফলে সংক্রমণের ঝুঁকি এড়াতে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক ব্যবহারে অনুরোধ জানানো হচ্ছে।”
আরও পড়ুন…
যশোরে যুবককে ছুরিকাঘাত, অভিযুক্ত সামিউল পলাতক
আমেরিকায় আসছে নতুন রাজনৈতিক দল?
যশোর সীমান্তে চামড়া পাচারের শঙ্কা, কড়া নজরদারিতে বিজিবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, “দেশে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরতে হবে এবং বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলতে হবে।”
এই নির্দেশনার প্রেক্ষিতেই রেলপথ মন্ত্রণালয় ট্রেনযাত্রীদের জন্য মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব পুনরায় তুলে ধরেছে।
গত ৬ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দেশে করোনা সংক্রমণের হার আবারও বাড়ছে। এ অবস্থায় জনসমাগমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।”
এর আগে ৫ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি যাত্রার সময় সচেতন থাকার উপর গুরুত্ব দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। ট্রেনযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা বজায় রেখে অন্যদের সুরক্ষাও নিশ্চিত করেন।