কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজ মোড় এলাকা থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) সকালে নিজ ঘরের দরজা ভেঙে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
লাশের পাশ থেকে একটি পিস্তল ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।
নিহত উজ্জল পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমান আলীর ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক পদে চাকরির পাশাপাশি বাজারে একটি ফটোকপির দোকান চালাতেন।
আরও পড়ুন…
ঈদে ট্রেনযাত্রায় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারে রেলপথ মন্ত্রণালয়ের অনুরোধ
উজ্জল তাহাজ মোড় এলাকায় নিজ জমিতে একটি টিনের ছাপড়া ঘরে একাই বসবাস করতেন। রোববার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে যান। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পান।
ঘটনার খবর পেয়ে পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের সহকারী এসএসআই শামসুল হক ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। তিনি জানান, “বিছানার উপর গুলিবিদ্ধ অবস্থায় লাশটি পাওয়া গেছে। পাশে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত মিলেছে।”
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের কারণে তিন মাস আগে উজ্জলের স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই তিনি ওই টিনের ঘরে একা বসবাস করছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
উজ্জলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চিরকুট ও ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।