কুমিল্লার তিতাসে মর্মান্তিক ঘটনা—বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যা করেছেন তাদের বাবা মনু মিয়া (৪৫), যিনি নিজেও বাকপ্রতিবন্ধী। পরে আত্মহত্যার চেষ্টায় তিনিও কীটনাশক পান করেন।

সোমবার (৯ জুন) সকালে তিতাস উপজেলার তুলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় দুই কন্যা মারা গেলেও মনু মিয়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহত দুই শিশু হলো—মনু মিয়ার বড় মেয়ে মনিরা আক্তার (১০) এবং ছোট মেয়ে ফাতিহা আক্তার (৬)। দুজনেই বাকপ্রতিবন্ধী ছিল। তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন…

তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

রাজশাহীতে দুইদিনব্যাপী ঈদ কাবাডি উৎসব শুরু

তীব্র অভিবাসনবিরোধী বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মনু মিয়া দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারছিলেন না। তার শারীরিক প্রতিবন্ধকতা এবং দুই মেয়ের একই ধরনের সমস্যা—সব মিলিয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন। পরিবারে অর্থনৈতিক সংকটও ছিল প্রবল।

ঘটনার দিন সকালে স্ত্রী হাসিনা বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিলেন। এ সময় ঘরে রাখা ধানক্ষেতের কীটনাশক দুই মেয়েকে খাইয়ে দেন মনু মিয়া। পরে তাদের মৃত্যুর পর নিজেও কীটনাশক পান করেন তিনি।

এলাকাবাসীরা নিহতদের মায়ের মাথায় পানি ঢালছেন । ছবি : সংগৃহীত

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মনিরা ও ফাতিহাকে মৃত ঘোষণা করেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান জানান, সকাল ৮টার দিকে মনু মিয়া ও তার দুই মেয়েকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটি মারা যায়।

ওসি মো. শহিদ উল্লাহ জানান, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।