বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক অজ্ঞাতপরিচয় (৩৫) যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসচালকসহ আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ জানায়, রাতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বাসটি মূলঘর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাত যাত্রী প্রাণ হারান এবং অন্তত আটজন যাত্রী আহত হন।

খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’