চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ জুন ২০২৫) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রাজনৈতিক অঙ্গনে ‘মেজো ভাই’ নামে পরিচিত এই নেতা ছিলেন চুয়াডাঙ্গা আওয়ামী লীগের অবিচল নেতৃত্বের প্রতীক। ছাত্রলীগ থেকে রাজনীতিতে প্রবেশ করে দীর্ঘ পাঁচ দশকের কর্মময় জীবনে তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক।
তিনি একাধারে চুয়াডাঙ্গা যুবলীগের সভাপতি (১৯৭৩), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (১৯৭৯) এবং দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে তিনি ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন এবং পরবর্তীতে সম্মুখ সমরে অংশ নেন।
তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ছাড়া নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য মনোনীত হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।
এর আগে ১৯৯১, ১৯৯৬ (জুন) ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রার্থী হয়ে পরাজিত হলেও রাজনীতি থেকে সরে দাঁড়াননি বরং আরও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
রাজনৈতিক জীবনের বাইরেও ছেলুন মিয়া ছিলেন একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক।
তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় “ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব চুয়াডাঙ্গা”।
মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে তিনি নির্মাণ করেন “আট কবর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স”।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, রাইফেল ক্লাব এবং রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী হিসেবে তিনি কাজ করেছেন দুই যুগেরও বেশি সময়।
চুয়াডাঙ্গার জাফরপুরে আধুনিক স্টেডিয়াম, যুব ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেও রয়েছে তার অগ্রণী ভূমিকা।
সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১৯৪৬ সালের ১৫ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন।
তার পিতা ছিলেন মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার এবং মাতা মরহুমা আছিয়া খাতুন।
তিনি চুয়াডাঙ্গা ভি.জি. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।
পেশাগত জীবনে তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী আক্তারি বেগম জোয়ার্দ্দারের স্বামী এবং ১ মাত্র কন্যা তাবশিনা জান্নাত প্রথমার পিতা।
পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে এর আগে গতকাল শুক্রবার রাত ১১ টায় গুলশান-২ আজাদ মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবার সূত্রে জানা গেছে,নামাজে জানাজা শেষে লাশবাহী গাড়ী তার নিজ জন্মভূমি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল ১১টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এরপর তাকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে, তার মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।