নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ চূড়ান্ত করেছে। নতুন এ নীতিমালার আওতায় অতীতে যারা উদ্দেশ্যপ্রণোদিত বা ভুয়া প্রতিবেদন দিয়েছে কিংবা নিবন্ধন নিয়েও কোনো নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেয়নি—তাদের আর নিবন্ধন নবায়ন করবে না ইসি।
ইসি সূত্রে জানা গেছে, নীতিমালার খসড়া ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এখন শুধু তা জারি করার আনুষ্ঠানিকতা বাকি। একবার এটি কার্যকর হলে ২০২৩ সালের নীতিমালা বাতিল হয়ে যাবে, এবং আগের নীতিমালার আওতায় নিবন্ধিত সংস্থাগুলোর নিবন্ধনও পর্যালোচনার মুখে পড়বে।
পূর্বে যেখানে এসএসসি বা সমমান পাস হলেই পর্যবেক্ষক হওয়া যেত, এখন এইচএসসি বা সমমান পাস হতে হবে। তবে অন্যান্য যোগ্যতাগুলো পূর্বের মতোই বহাল থাকছে।
নিবন্ধন প্রক্রিয়া অংশে নতুন নীতিমালায় ৪.৬ নামে নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। আর এতে বলা হয়েছে, ইতোপূর্বে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদন দাখিল করেছে তাদের নিবন্ধন দেওয়া যাবে না। আবার অন্য একটি জায়গায় বলা হয়েছে, নিবন্ধন পাওয়ার পর একটি জাতীয় ও চারটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ না করলে পরবর্তী সময়ে সেই সংস্থার নিবন্ধন নবায়ন করা হবে না।
ইসি কর্মকর্তারা বলছেন, নীতিমালাটি জারি হলে ইতোপূর্বে পাওয়া অনেক সংস্থারই নিবন্ধন পাওয়ার সুযোগ কমে যেতে পারে। এমনকি অনেক সংস্থার নিবন্ধন বাতিলও হতে পারে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত সংস্থা রয়েছে ৯৬টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এতে ২০২৩ সালে নিবন্ধন পাওয়া সংস্থা সংস্থাগুলোর পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন বাতিল হতে পারে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল এক লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার আট হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির মতো সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট দেখেছেন।