চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক নতুন খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম আসাদুজ্জামান আসাদের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে তার নিজ গ্রাম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের আছেদ-রোকেয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমের সহোদর আলহাজ্ব সাদিকুর রহমান বকুল অশ্রুসিক্ত নয়নে আসাদুজ্জামান আসাদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন এবং সকলের নিকট তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজা শেষে মরহুমকে সিংনগর গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, প্রবীণ এই সাংবাদিক ও নতুন খবর পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ (৪৬) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।