আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলার সিদ্ধান্তকে ‘সাহসী ও ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, `ট্রাম্প তার সাহসী সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন।‘

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে গিদিওন সার বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বেও ইরানের হুমকির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি একে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিবৃতির মাধ্যমে গিদিওন সার ইরানবিরোধী অবস্থানে আরও কট্টর মনোভাব প্রদর্শন করলেন এবং ট্রাম্প প্রশাসনের আগ্রাসী মধ্যপ্রাচ্যনীতি ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রতি তার সমর্থন পুনঃনিশ্চিত করলেন।

এদিকে ট্রাম্পের ইরানপন্থী নীতির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। যদিও ইসরায়েল বরাবরই ইরানকে বড় হুমকি হিসেবে দেখে আসছে, তাই তাদের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া আসা অপ্রত্যাশিত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আজ রবিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে লিখেছেন, ‘আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইসফাহান। (হামলায় অংশ নেওয়া) সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।’