জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যশোর বেনাপোল জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানের মরা গাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন ও অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা পরিষদ যশোরের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান সদর, ঝিকরগাছা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশনা দিয়েছেন।
মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন ও অপসারণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরে সংরক্ষণ করার আহবান জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে জনস্বার্থে হাইওয়ে পুলিশ খুলনা অঞ্চলের নাভারণ হাইওয়ে থানা, নাগরিক অধিকার আন্দোলন যশোরের আহবায়ক মাষ্টার নূর জালাল ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান ঝুঁকিপুর্ণ ওই গাছ কর্তনের দাবি তোলেন লিখিতভাবে। তাদের পত্রে উল্লেখিত দাবির পেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশনা স্মারকে বলা হয়েছে, যশোর সড়ক বিভাগাধীন যশোর- বেনাপোল (এন-৭০৬) একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। উল্লেখিত জাতীয় মহাসড়কের উভয় পাশে জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্নস্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল পালা রয়েছে। প্রায় সময় শতবর্ষী গাছের ডালপালা ভেঙে পথচারী নিহত, আহত ও যানবাহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসূমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যেকোনো সময়ে ওই মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙে পড়তে পারে। আর ওই দুর্ঘটনায় জান-মালের ব্যাপক ক্ষতিও হতে পারে। এ বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা পরিষদকে ওই মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনেক বার বলা হয়। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমানে ওই গাছগুলোর কারণে জীবন হানির ঝুঁকি অনেক বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণের নির্দেশনা দিয়েছেন তিনি।