যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে পৌরসভার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এখন জনদুর্ভোগের আরেক নাম। গলির ড্রেন সংস্কারের দায়িত্ব নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত দখল করে রেখেছে। ফলে অর্ধেকের বেশি রাস্তা ও পুরো ফুটপাত জুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী—পাথর, ইট ও বালি। এতে করে ন্যূনতম রিকশা চলাচলেও যেমন বিঘ্ন ঘটছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার অধীনে চলমান উন্নয়ন কাজ নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় নাগরিক ভোগান্তি চরমে উঠেছে। ড্রেন তৈরীর নির্মাণ সামগ্রী সড়কে রেখে দিনের পর দিন কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা পৌরসভার কোনো দায়িত্বশীল কর্মকর্তার হস্তক্ষেপ দেখা যায়নি। এতে করে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সোমবার সরেজমিনে ফুড অফিস মোড় থেকে কবরস্থান মোড় পর্যন্ত এলাকায় দেখা যায়, রাস্তায় বিশাল আকারে স্তূপ করে রাখা হয়েছে ইট, বালি ও পাথর। দেখে মনে হয় যেন এটি কোনো পাহাড় কিংবা খোলামেলা নির্মাণ সামগ্রীর গুদাম। ফুটপাতে চলাচলের মতো ন্যূনতম ফাঁকা জায়গাও নেই।

স্থানীয় এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বলেন, পৌরসভার বাই-লেনের একটি ড্রেনের কাজ চলছে। কিন্তু ঠিকাদারের লোকজন মেইন রাস্তা দখল করে মালামাল রেখেছে। নিষেধ করেও কোনো লাভ হয়নি। এখন এই রাস্তায় বড় কোনো গাড়ি তো দূরের কথা, মানুষও স্বাভাবিকভাবে চলতে পারছে না। অন্যদিকে, কাজের অগ্রগতি তেমন চোখে পড়ছে না বলেও জানান তিনি। পরে সরাসরি ড্রেন সংস্কারের গলিতে গিয়ে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের তিনজন কর্মী দাঁড়িয়ে আছেন। নির্মাণাধীন ড্রেনে হাঁটু সমান পানি জমে আছে। রাস্তার যেসব স্থানে ইট, বালি ও পাথর ফেলে রাখা হয়েছে, সেখানে সেসব কাঁচামালের কোনো কাজই চলছে না। হঠাৎ উপস্থিতি দেখে একজন কর্মী দ্রুত রাস্তার ইট সরিয়ে পরিষ্কার করতে শুরু করেন। প্রশ্ন করা হলে তারা বলেন, ঠিকাদার ও তার ইঞ্জিনিয়ার যেভাবে নির্দেশ দেন, আমরা সেইভাবেই কাজ করি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সুজন প্রথমে বলেন, আমি বিষয়টি জানতাম না। দেখছি। এরপর তিনি ফোন কেটে দেন। পরে বারবার চেষ্টা করেও তিনি আর ফোন রিসিভ করেননি। ফুটপাত উচ্ছেদে দায়িত্বে থাকা যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মদ বলেন, ওই রাস্তার কাজ নিয়ে অনেকবার সালিশ হয়েছে। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।

এদিকে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন, বিষয়টি আমার জানা নেই, তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। এ বিষয়ে যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান গ্রামের কাগজকে বলেন, ওই রাস্তা দখলের বিষয়ে আমাদের কাছে একাধিক মানুষ অভিযোগ করেছেন। ঠিকাদার প্রতিষ্ঠানকে মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। তিনি জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন। তিনি আরও বলেণ ড্রেনের জায়গা নিয়ে স্থানীয়ভাবে কিছু ঝামেলা রয়েছে । স্থানীয়দের এগিয়ে এসে বিষয়টি মীমাংসারও আহ্বান জানান মি.রফিকুল হাসান।