স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং ধ্বসে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ। এক সময় এক উইকেট হারিয়ে সংগ্রহ ১০০ রান। এরপর আট উইকেট হারিয়ে সংগ্রহ ১০৫ রান। পাঁচ রানে সাতটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। জয়ের জন্য লক্ষ্য ছিল ২৪৫ রান। বাংলাদেশ সংগ্রহ করে ৩৬ ওভার পাঁচ বলে ১৬৭ রান। হারতে হয়েছে ৭৭ রানে।
পারভেজ হোসেন ইমন ওয়ানডে অভিষেকে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু মাথা গরম ব্যাটিংয়ের অভ্যাস থেকে বের হতে পারলেন না। ফলে ১৩ রানেই থামতে হয় তাকে। ১৬ বল খেলে তিনটি বাউন্ডারি হাঁকান বাঁহাতি এই ওপেনার। ২৯ রানে বিছিন্ন হয়ে যায় ওপেনিং জুটি।
এরপর তানজিদ তামিম আর নাজমুল হোসেন শান্ত জুটি গড়েন। তাদের বল সমান ৭১ রানের জুটিটি ভেঙেছে শান্তর রানআউটে। ডিপমিডউইকেটে ঠেলে দুই রান নিতে গিয়ে ভুল করেন শান্ত, ২৬ বলে দু’টি চারে করেন ২৩ রান।
শান্ত আউট হওয়ার পরই যেন ব্যাটিং ধ্বস শুরু হয় বাংলাদেশের। আরও তিন ব্যাটার দ্রুতই সাজঘরের ফেরেন। লিটন দাস শূণ্য রানে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ। দু’বল পরে সাজঘরে তানজিদ তামিমও। ৬১ বলে নয়টি চার আর একটি ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। কামিন্দু মেন্ডিসের বলে বোল্ড হন তাওহিদ হৃদয়। হাসারাঙ্গার ঘূর্ণিতে মেহেদী হাসান মিরাজ এলবি হন শুন্য রানে।
এর আগে চারিথ আসালাঙ্কার দায়িত্বশীল এক সেঞ্চুরির পরও ৪৯ ওভার দুই বলে ২৪৪ রানে গুটিয়ে যায় লঙ্কার দলগত ইনিংস।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই শক্ত হাতে বোলিং করেন দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। যে কারণে উইকেট পেতে দেরি হয়নি তাদের।
টেস্টে বাংলাদেশকে ভুগিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। এবার লঙ্কান ব্যাটারকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। খালি হাতে তাকে ফিরিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। আট বলে শূণ্য রানে সাজঘরে ফেরেন নিশাঙ্কা।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান সাকিব। ব্যাক অব লেন্থের বলে কাট করতে গিয়েছিলেন লঙ্কান ওপেনার। কিন্তু ব্যাটের বাইরের পাশ ঘেঁষে বল চলে যায় লিটনের গ্লাভসে।
পরের ওভারে আরেক ওপেনার নিশান মাদুশকাকে বোল্ড করেন তাসকিন আহমেদ। ১৩ বলে ছয় রান করে সাজঘরে ফেরেন তিনি। ১১ রানে দু’টি উইকেট হারায় লঙ্কানরা।
তাসকিন নিজের পরের ওভারে এসে কামিন্দু মেন্ডিসকেও আউট করেন। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে মিডঅফে মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন কামিন্দু। কিন্তু বল সেভাবে ভাসেনি, সেখানে ফিল্ডিং করা মেহেদী হাসান মিরাজের নাগালের মধ্যে পড়ে যায়। দারুণ সুযোগ হাতছাড়া করেননি মিরাজ। কামিন্দুর সহজ ক্যাচ তালুবন্দি করে নেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ২৯ রানে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর হাল ধরেন চারিথ আসালাঙ্কা আর কুশল মেন্ডিস। লঙ্কানদের অনেকটা পথ এগিয়ে দেন তারা।
তানভীর ইসলাম বেশ কয়েকবার ব্যাটারকে পরাস্ত করেন। অবশেষে ওয়ানডে অভিষেকে দ্বিতীয় ওভারে উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার। এলবিডব্লিউ হন কুশল মেন্ডিস। তিনি ৪৩ বলে ৪৫ রান করেন। চারিথ আসালাঙ্কার সঙ্গে ৭৭ বলে ৬০ রানের জুটি ভাঙে তাতে। ৮৯ রানে চার উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।
শান্তকে ডাউন দ্য উইকেটে হাঁকিয়ে লংঅনে তানজিম হাসান সাকিবের সহজ ক্যাচ হন জানিথ লিয়ানাগে। ৪০ বলে তিনি করেন ২৯ রান। এরপর মিলান রথনায়েকেকে বোল্ড করেন তানজিম সাকিব। তার ব্যাট থেকে আসে ২২ রান। হাসারাঙ্গাকেও ব্যক্তিগত ২২ রানেই সাজঘরের পথ দেখান তাসকিন। একই ওভারে মাহিশ থিকশানাকেও এক তুলে নেন এই পেসার।
তবে চারিথ আসালাঙ্কাকে ঠেকানো যায়নি। দেখেশুনে ঠান্ডা মাথায় ১১৭ বলে সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে তাকে ফেরান তানজিম সাকিব। ১২৩ বলে ১০৬ রানের ইনিংসে ছয়টি চার আর দু’টি ছক্কা হাঁকান আসালাঙ্কা।
তাসকিন আহমেদ ৪৭ রানে চারটি এবং তানজিম সাকিব রানে নেন ৪৫ রানে নেন তিনটি উইকেট।