শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ও প্রথম ওয়ানডেতে শোচনীয় পরাজয়ের পর নতুন দুশ্চিন্তা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। দ্বিতীয় ওয়ানডের আগেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। আজ (শুক্রবার) দুপুরে টিম হোটেল থেকে সরাসরি যুক্তরাজ্যের পথে রওনা দেন তিনি।

দলের একটি সূত্র জানিয়েছে, মূলত চিকিৎসার কারণেই লন্ডন যাচ্ছেন সিমন্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে আগামীকাল (শনিবার) কলম্বোয় অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে ডাগআউটে দেখা যাবে না এই অভিজ্ঞ ক্যারিবীয় কোচকে।

টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতে তার চিকিৎসকের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে তখন যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট যেকোনো মূল্যে রাখা জরুরি ছিল। সময় পরিবর্তনের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, “এই সফরের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেন সিমন্স। ইনশা-আল্লাহ, ৭ জুলাই তিনি দেশে ফিরবেন।”

উল্লেখ্য, এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যক্তিগত কারণে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন। এবার ওয়ানডে সিরিজে প্রধান কোচের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এছাড়া দলের সঙ্গে রয়েছেন পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল কলম্বোয়। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৮ জুলাই, পাল্লেকেলেতে।