দেশব্যাপী পদযাত্রায় ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা সফর করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। অনেক জেলায় এই পদযাত্রাকে ঘিরে ছিল জনসমাগমও।
পদযাত্রায় এনসিপি তাদের দাবির প্রেক্ষিতে সামনে এনেছে ‘জুলাই ঘোষণাপত্র’, ‘জুলাই সনদ’, বিচার ব্যবস্থার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। একই সঙ্গে কিছু আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দলটি আগামী নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে।
দলটির একাধিক সূত্র জানিয়েছে, যেখানে দলের সংগঠন মজবুত এবং জনসম্পৃক্ততা বেশি, সেসব আসনে প্রার্থিতা ঘোষণা করা হচ্ছে। তবে সিদ্ধান্তগুলো পূর্বপরিকল্পিত নয় বলে দাবি করা হয়েছে।
রংপুর-৪ আসনে দলের সদস্যসচিব আখতার হোসেন এবং কুড়িগ্রাম-২ আসনে যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের নাম ঘোষণা ইতোমধ্যে হয়েছে। পঞ্চগড়-১ আসনে মুখ্য সংগঠক সারজিস আলমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তার নামে স্লোগান দেওয়া হচ্ছে, যা পর্যবেক্ষকদের মতে পরোক্ষভাবে প্রার্থিতার ইঙ্গিত।
যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির জানিয়েছেন, সংগঠন যেখানে শক্তিশালী এবং একাধিক প্রতিদ্বন্দ্বী নেই, সেসব আসনে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। তবে কিছু জায়গায় একক প্রার্থী থাকলেও শুধু পরিচিতি বাড়ানো হচ্ছে।
যেসব আসনে নির্বাচন করতে পারে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির সূত্র বলছে, দলটির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা আগামী নির্বাচনে অংশ নিতে পারেন, তারা হলেন- ঢাকা বিভাগ: নাহিদ ইসলাম (ঢাকা-১১), আরিফুল ইসলাম আদীব (ঢাকা-১৪), সামান্তা শারমিন (ভোলা-১), ডা. তাসনীম জারা (ঢাকা-১৭), এস এম শাহরিয়ার (ঢাকা-৫), জাবেদ রাসিন (ঢাকা-৯), মো. রাসেল আহমেদ (ঢাকা-১), আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ), মেজর (অব.) আব্দুল্লাহ মাহমুদ খান (গাজীপুর-৩), আলী নাছের খান (গাজীপুর-১)।
চট্টগ্রাম ও সিলেট বিভাগ: মীর আরশাদুল হক (চট্টগ্রাম-১৬), হাসান আলী (চট্টগ্রাম-১৪), প্রীতম দাশ (মৌলভীবাজার), অনিক রায় (সুনামগঞ্জ-২), অর্পিতা শ্যামা দেব ও এহতেশাম হক (সিলেট)।
ময়মনসিংহ ও বরিশাল বিভাগ: ফাহিম রহমান খান পাঠান (নেত্রকোনা-২), ডা. মাহমুদা মিতু (বরিশাল-৫), আরিফুর রহমান তুহিন (ঝালকাঠি-১)।
রাজশাহী ও রংপুর বিভাগ: আবু সাঈদ লিওন (নীলফামারী-৩), মোল্লা মোহাম্মদ ফারুক এহসান (চুয়াডাঙ্গা-১)।
খুলনা ও অন্যান্য এলাকা: ভীম্পাল্লী ডেভিড রাজু (খুলনা-১), আশরাফ উদ্দীন মাহাদী (ব্রাহ্মণবাড়িয়া-২), সাইফুল্লাহ হায়দার (টাঙ্গাইল-৩), অলিক মৃ (টাঙ্গাইল-১), নুসরাত তাবাসসুম (কুষ্টিয়া-১)।
দলীয় নেতারা জানান, মূল লক্ষ্য হলো—জনগণের সঙ্গে সরাসরি সংযোগ, সংগঠনের বিস্তার এবং নতুন প্রজন্মের সামনে বিকল্প রাজনৈতিক ভাবনার উপস্থাপন। পদযাত্রা সেই রাজনৈতিক কৌশলেরই একটি প্রধান ধাপ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে দেশের বিভিন্ন প্রান্তে পদযাত্রা করছে। একই সঙ্গে দলটি নির্বাচনের মাঠে প্রস্তুতি নিতে শুরু করেছে। সংগঠন ভিত্তিক নির্বাচনী পরিকল্পনা, একাধিক আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা এবং স্থানীয়ভাবে জনসংযোগ—সবকিছু মিলিয়ে এনসিপির এই কার্যক্রম আগাম রাজনীতির এক নতুন মাত্রা তৈরি করছে।