চট্টগ্রামের শিল্পাঞ্চল পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি কারখানা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ‘অ্যারো ফেভারিট অফিস’ নামের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি ভবনে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ৩টার দিকে হঠাৎ করেই কারখানার একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শতাধিক শ্রমিক আতঙ্কে দৌঁড়ে বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন…

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একসঙ্গে ৫ যানবাহনের সংঘর্ষ

ছিল খাদ্যের অপেক্ষায়, মিলল মৃত্যু

একজন কর্মী জানান, আমরা হঠাৎ ধোঁয়া দেখতে পাই। সবাইকে বাইরে বের হতে বলা হয়। খুব ভয় লাগছিল। আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করা হবে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছে কারণ ভবনটির ভেতরে দাহ্য পদার্থ ছিল। তবে তারা আগুন যাতে পাশের অন্য কারখানায় ছড়িয়ে না পড়ে সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই অগ্নিকাণ্ডে কারখানাটির বিপুল পরিমাণ কাঁচামাল, মেশিনারি ও তৈরি পোশাক পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী ইপিজেডে এমন দুর্ঘটনা শিল্প উৎপাদনে প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে আরও নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ভবনটিতে এখনও ধোঁয়া উঠছে, তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।