গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা অন্যায় করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জে সহিংসতার আগে গোয়েন্দা সংস্থার কাছে কোনও তথ্য ছিল কিনা— এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “তথ্য ছিল, কিন্তু সহিংসতা এত ব্যাপক আকার ধারণ করবে, তা অনুমান করা যায়নি।”
সাংবাদিকদের এক প্রশ্নে এনসিপি নেতাদের মন্তব্য— আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছে— প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে অনেকেই অনেক কিছু বলতে পারেন। যার যে বক্তব্য, সে সেটা দেবে।”
পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা আগেই নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”