বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য আনুষ্ঠানিক অর্ডার দিয়েছে। রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান।
সচিব মাহবুবুর রহমান বলেন, বোয়িং কোম্পানিই সরাসরি এই ব্যবসা করে, সরকার নয়। ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া ইতোমধ্যেই ১০০টি করে উড়োজাহাজ অর্ডার দিয়েছে। বাংলাদেশও এই ক্যাপাসিটির অংশ হিসেবে ২৫টি উড়োজাহাজ ক্রয় করছে, তবে সরবরাহে কিছু সময় লাগতে পারে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা ও বোয়িং উড়োজাহাজ আমদানি বাড়লেও বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
২৯ ও ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্য সচিব আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনার মাধ্যমে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক কমানো সম্ভব হবে এবং এমনকি ভারত ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের শুল্কের হার কমিয়ে আনা যেতে পারে।