সাতক্ষীরা প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়া-সাতক্ষীরা সড়কে এক ব্যবসায়ীর সঙ্গে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ছিনতাই ও অপহরণের ঘটনা। রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাতক্ষীরা জেলার ঘোনা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মনিরুল ইসলাম ওই রাতে ঢাকা থেকে নিজ প্রাইভেট কারযোগে বাড়ি ফিরছিলেন। পথে গোপালগঞ্জ হাইওয়ে রোড এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে তাকে অপহরণ করে। পরে তারা মনিরুলকে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নেয় এবং তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা পরে বসুপটি বাসস্ট্যান্ডের কাছে এসে তাকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়।
স্থানীয় একটি দোকান থেকে মনিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাসের নেতৃত্বে একটি টিম দ্রুত অভিযানে নামে।
তাদের অভিযানে লোহাগড়ার দূর্বাজুরী বাইপাস এলাকার পাকা রাস্তার ওপর থেকে ছিনতাইকৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের এখনো গ্রেপ্তার করা যায়নি।