দামুড়হুদা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের কৃষক মতিয়ার রহমানের এক বিঘা কলা বাগান অতিবৃষ্টিতে ডুবে গেছে। হাঁটুসমান পানিতে গাছগুলো কয়েকদিন ধরে ডুবে থাকায় কলাগাছগুলো নষ্ট হয়ে গেছে।

ঋণ নিয়ে পরের জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেছিলেন তিনি। গত ৬ মাস আগে চারা, সার ও বাঁশের খুঁটি বসিয়ে চাষ শুরু করলেও ফল আসার আগেই সব গাছ অকেজো হয়ে পড়ে।

মতিয়ার রহমান জানান, আমি স্বপ্ন দেখেছিলাম কলা বিক্রি করে পরিবারের অভাব দূর করব, ঋণ শোধ করব। কিন্তু অতিবৃষ্টিতে সব গাছ মরে গেছে।

তিনি আরও বলেন,মনের মধ্যে অনেক আশা ছিল। কিন্তু এখন আর কিছু করার নেই। তাই আগেভাগে গাছ কেটে ধান লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।

স্থানীয় কৃষকরা জানান, মতিয়ার একজন পরিশ্রমী কৃষক। প্রতিবছর ধার-দেনা করে জমি নিয়ে চাষাবাদ করেন। শুধু মতিয়ার নয়, ওই এলাকার আরও অনেক কৃষক একই বিপদের মুখে পড়েছেন।

নিচু জমিগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কলা, সবজি ও অন্যান্য ফসলও ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে।

স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকার চাইলে সহযোগিতার জন্য পদক্ষেপ নেওয়া হবে।।