দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ৫ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হতে পারে। আজ শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত পুনর্জাগরণ র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে তিনি এই তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের মধ্যে আপনারা ‘জুলাই ঘোষণাপত্র’ দেখতে পাবেন। আজকেই হয়তো এটি ঘোষণা হতে পারে, আবার ৫ আগস্টের আগেও প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেই আকাঙ্ক্ষার একটি দলিল থাকা জরুরি। ‘জুলাই ঘোষণাপত্র’ সেই দালিলিক প্রমাণ হিসেবে কাজ করবে। এই ঘোষণাপত্রে আমাদের প্রত্যাশিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প তুলে ধরা হবে, যেখানে পরিবর্তনের দিকনির্দেশনা স্পষ্টভাবে থাকবে।

উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে, যা দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।