অনলাইন ডেস্ক।।
বিশেষ অভিযান পুরো দেশেই চলছে নির্বাচনের আগ পর্যন্ত চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী । যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, সব উদ্ধার করা সম্ভব হয়নি । হাতিয়ারগুলো উদ্ধারের চেষ্টা সবসময় জারি আছে। বিশেষ অভিযান পুরো দেশেই চলছে। নির্বাচনের আগ পর্যন্ত চলবে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স শূন্যে নামিয়ে আনা হবে। মবের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আর বর্তমান বাহিনী দিয়েই নির্বাচন হবে এবং খুব ভালোভাবে হবে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা সাধারণত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করি এবং এটার ভেতরে যেহেতু আইন-শৃঙ্খলা, যদিও দুইটা ওয়ার্ড কিন্তু এইটা অনেক বড় ব্যাপ্তি, অনেক বড়। এজন্য এমন কোনো কিছু নাই, আলোচনার ভেতরে আসে না। মোটামুটি দেশের সবকিছু ব্যাপারে আলোচনা হয়, সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে কী ধরনের ঘটনা ঘটতে পারে এই ব্যাপারেও আলোচনা হয়। আমরা এগুলোর ব্যাপারে আলোচনা করছি।
তিনি বলেন, স্পেশালি আমরা মাদকের ওপরে বেশি জোর দেই। যেহেতু মাদক আমাদের দেশে একটা বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এটার জন্য আমরা সবসময় বেশি জোর দেই। আপনাদের রিপোর্টও দেখছি। এখন ইয়াবা ধরা পড়ছে অনেক বেশি। ধরা পড়লেও, রুই কাতলাগুলো ধরা পড়ছে না, ওই পুটি আর ট্যাংরা এইগুলো ধরা পড়ছে। তা আমরা চাচ্ছি যে রুই কাতলাগুলো যেন আইনের আওতায় যত তাড়াতাড়ি নিয়ে আসা যাই।

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা ঝুঁকি আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যে রকম ছিল, আজকে ৪ আগস্টে এটা কি উন্নতি হয়েছে? কী হয়নি? এটা আপনারা আমাদের থেকে আরও ভালো বলতে পারবেন। আমরা যে সময় এই দায়িত্ব নেই, সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কি ছিল? অন্যান্য বাহিনীর অবস্থাটা কি ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল? ওর থেকে কি উন্নতি হয়েছে কি হয়নি এটা আপনারা বলেন।

তিনি বলেন, এখন আপনারা বলছেন যে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কি হয়নি, এরপর? ওই রকম একটা উন্নতি হয় তো আমরা করতে পারিনি। আর আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো, এই ৫৪ বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশন আছে কোথাও? যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।