স্পোর্টস ডেস্ক।।
মাসখানেক আগেই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিনিয়রদের দেখানো পথে সাফল্য দিয়ে শুরু করল অনূর্ধ্ব-২০ দলও। আজ বুধবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে তিনটি গোলের মধ্যে দুইটিই দেন তারকা খেলোয়াড় মোসাম্মৎ সাগরিকা। আরেকটি গোল দেন মুনকি আক্তার। তিন গোল হজম করে এক গোল দেয় স্বাগতিকরা। আন্না কেও ওনসি বাংলাদেশের জালে বল জড়ান।
ম্যাচের প্রথম গোলটি পায় বাংলাদেশই। ৩৬তম মিনিটে শান্তি মার্ডির কর্নার থেকে আসা বলে মাথা ছুইয়ে বল জালে জড়ান সাগরিকা। গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এশিয়ান কাপ বাছাইয়েও তিনিই ঝলক দেখালেন। এই অর্ধে আর কোনো গোল দিতে পারেনি কোনো দলই।
দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে খেলতে থাকে বাংলাদেশ। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন মুনকি। ৮৭তম মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিখুঁত শটে গোল দিয়ে বাংলাদেশকে বড় জয় এনে দেন সাগরিকা।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আছে ‘এইচ’ গ্রুপে। লাওস ছাড়া এখানকার অন্য দুই দল হলো তিমুর লেস্তে ও দক্ষিণ কোরিয়া। এই গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই রচিত হবে ইতিহাস। সিনিয়রদের মতো জুনিয়ররাও তাহলে জায়গা করে নেবে এশিয়ান কাপে। দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ।
আগামী শুক্রবার তিমুর লেস্তের মুখোমুখি হবে পিটার জেমস বাটলারের দল। গ্রুপের ফেভারিট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে হেরে বাছাই শুরু করেছে তিমুর লেস্তে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ১০ আগস্ট, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।