পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতার ১৫ দিন বয়সের শিশুপুত্রকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ৩ টার মধ্যবর্তী সময়ে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়গোপালদী বাজার সংলগ্ন খালের পূর্ব পাড়ে বিএনপি নেতা শাইরুল ইসলাম পঞ্চায়েতের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

শাইরুল দশমিনা উপজেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক।

স্থানীয় ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, বিএনপি নেতা শাইরুল পিতা, মাতা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাড়িতে থাকেন। শুক্রবার দিবাগত রাত অনুমান দুইটা থেকে তিনটার দিকে ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে থাকার সময় বারান্দা দিয়ে অজ্ঞাত ৪-৫ জনের ডাকাতদল দোতলার পাটাতনে প্রবেশ করে। সেখান থেকে নীচে নেমে সামনের দরজা খুলে দেয় তারা। এ সময় আরও অজ্ঞাত ১০-১৫ জন ডাকাত ঘরে প্রবেশ করে প্রথমে শাইরুলের পরে তার বৃদ্ধ পিতা আবুল হোসেনের কক্ষে প্রবেশ করে দড়ি দিয়ে তাদের হাত পা বেঁধে ফেলে।

সে সময় ডাকাতদলের এক সদস্য শাইরুলের ১৫ দিনের শিশুপুত্রকে তুলে নিয়ে দুই হাত দিয়ে মাথার উপরে উঁচু করে তুলে আছাড় দিয়ে মেরে ফেলার ভয় দেখায়। কয়েকজন ডাকাত এ সময় শাইরুল ও তার পিতাকে এলোপাতাড়িভাবে মারধর করে। ছেলের জীবন বাঁচাতে শাইরুল ইশারায় আলমিরার চাবি দেখিয়ে দিলে বিভিন্ন মালামালসহ আসবাবপত্র ভাঙচুর করে ডাকাতদল আলমারি থেকে ৯ লাখ টাকাসহ ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

ভিকটিম পরিবার জানায়, ডাকাতদের পড়নে শর্ট প্যান্ট, কালো গেঞ্জি, পায়ের হাটু পর্যন্ত কালো মোজা এবং মুখে কালো মাস্ক পরিহিত ছিলো। পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা করেন।

বিএনপি নেতা শাইরুল জানান, ‘দশমিনা উপজেলা সৃষ্টির ইতিহাসে সম্ভ্রান্ত পরিবার পঞ্চায়েত বাড়িতে এমন ঘটনা এটাই প্রথম। সকলের হাতে দেশীয় অস্ত্র-সস্ত্র ছিলো। মুখোশ থাকায় কাউকে চিনতে পারিনি। আমি আইনের আশ্রয় গ্রহণ করব।’

ওই এলাকার বাসিন্দা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও শাইরুলের চাচাত ভাই মাসুদুর রহমান জানান, উপজেলায় এক সপ্তাহের মধ্যে একাধিক ডাকাতিসহ কয়েক মাস ধরে অজ্ঞান পার্টির দৌরত্ব বেড়েই চলছে। অনেক পরিবার নিঃস্ব হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে এবং পুলিশ টহল বৃদ্ধি ও জোরদার করতে হবে। তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতির সম্ভাবনা রয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আমাদের সময়কে বলেন, ঘটনার বিষয় শুনে ঘটনাস্থলের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।