দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : মাদকদ্রব্য ফেনসিডিল রাখার দায়ে দর্শনার আকন্দবাড়িয়ার বাসিন্দা রশিদা বেগম (৫৮) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ (১৩ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রশিদা বেগম দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী। জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় অভিযান চালায়। সেসময় রশিদা খাতুনের কাছ থেকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে দুজনকে আসামি করে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের জানুয়ারি মাসে মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মোট ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রশিদা বেগমকে দোষী সাব্যস্ত করে উল্লিখিত দণ্ড প্রদান করেন।