দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক : হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইদুর রহমান সাবদার দীর্ঘ সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে আদালতের বিচারক তা বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকালে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইদুর রহমান সবদার (৩৪) চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের আহসান আলি আসানের ছেলে।

জানা যায়, ২০০৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা নাসিরকে একই এলাকার মনির একটি খেজুর বাগানে ডেকে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে সাইদুর রহমান সাবদার গ্রুপের সঙ্গে জোয়ার বোর্ডের টাকা তোলা নিয়ে তাদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সাইদুরসহ ৮-১০ জন মিলে নাসিরকে কুপিয়ে হত্যা করে এবং তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নাসিরের ভাই বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ১০ মার্চ তৎকালীন জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী ৪ জন আসামির মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে, তাদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। বাকি দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ের পর থেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইদুর রহমান সাবদার পলাতক ছিলেন। দীর্ঘ সাড়ে ১০ বছর পর তিনি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বরের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।